তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সকল পরিবারেরই তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ কার্যক্রম পরিচালনার জন্য ৯৭জন তথ্য সংগ্রহকারী ও ১০ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন। সোমবার (১২ অক্টোবর) থেকে দেশব্যাপী একযোগে এ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
সরকারের এ কর্মসূচির আওতায় দরিদ্র, অতি দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্ন আয়ের পরিবারগুলোকে চিহ্নিত করে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে নারীর মর্যাদা, অধিকার ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবারকেন্দ্রিক উন্নয়ন নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজারে সোমবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার তারেক হোসেন এর সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ইউপি প্রশাসক বিজন কান্তি ধর, বিএনপি নেতা নিশার ভুইয়া, আব্দুল্লাহ্ আল মামুন মুকুল, অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান প্রমুখ।
এ কর্মসূচির আওতায় নিয়োজিত কর্মীরা বিশেষায়িত ট্যাব ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেইসে অন্তর্ভুক্ত করা হবে। তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মীদের ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে উপকারভোগী নির্বাচনের জন্য স্কোরিং পদ্ধতি অনুসরণ করা হবে। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে প্রতিটি পরিবারের স্কোর নির্ধারণ করা হবে এবং সেই স্কোরের ভিত্তিতে উপকারভোগী নির্বাচন করা হবে।
ইউএনও আহমেদ সাদাত বলেন, কর্মসূচির মূল দর্শন হলোÑ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। এর মাধ্যমে পরিবারকেন্দ্রিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল স্বচ্ছতা ও জবাবদিহি এবং টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য এ কাযক্রম হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হয়েছে। দরিদ্র ও নি¤œ আয়ের পরিবারগুলোর খাদ্যনিরাপত্তা এবং জীবনধারণের মৌলিক চাহিদা পূরণে সহায়তা দেওয়াই ফ্যামিলি কার্ড কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। এ কর্মসূচি বাস্তবায়নে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও পরমর্শ চেয়েছেন তিনি।
কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/রাত ৯:১২