তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৪০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করে দুর্গাপুর থানা পুলিশ। উদ্ধার করা এসব পণ্যের বাজারমুল্য ৫ লাখ ৬০ হাজার টাকা।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর দুর্গাপুর ইউনিয়নের মেনকিফান্দা সাকিনে ইমান আলীর বসতবাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা দুটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ১৪০ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার করা হয়। পরবর্তিতে এনিয়ে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়। পরে উদ্ধার করা পণ্য জব্দতালিকা মূলে জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এ অভিযানে দুর্গাপুর থানার এসআই (নিঃ) রাসুল সাঈদী আজাদের নেতৃত্বে এসআই (নিঃ) মো. স্বপন মিয়া, এসআই (নিঃ) আসাদুজ্জামান, এএসআই (নিঃ) আব্দুল কাইয়ুম ফকির, কনস্টেবল মো. আলমগীর হোসেন বিপ্লব ও কনস্টেবল মো. সজীব মিয়া অংশ নেন।
কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/রাত ৯:১২