সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মুখ খুললেন তাপুসী পান্নু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে নিজের একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। এতদিন শক্তিশালী ও স্বাধীনচেতা নারী চরিত্রে অভিনয় করেই নিজেকে গড়ে তুলেছেন তিনি। ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘বদলা’, ‘মুল্ক’, ‘হাসিন দিলরুবা’র মতো সিনেমায় তার চরিত্র বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রচলিত সামাজিক ধারণাকে। 

কিন্তু সেই পরিচয়ই এখন তার কাছে খানিকটা ‘খাঁচা’ হয়ে উঠেছে। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে চান না তাপসী পান্নু। বরং পর্দায় নিজেকে আরও নানাভাবে মেলে ধরতে চান তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন অভিনেত্রী। 

তাপসী পান্নু বলেন, ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের একটি নির্দিষ্ট ধারার মধ্যে আটকে দেওয়ার প্রবণতা এখনো রয়েছে। তিনি বলেন, ‘গ্ল্যামারাস’ চরিত্রের জন্য যেমন কয়েকজন নির্দিষ্ট অভিনেত্রীর কথা ভাবা হয়, ঠিক তেমনই কঠিন বা সামাজিক সমস্যাভিত্তিক সিনেমার জন্যও অন্য একটি নির্দিষ্ট তালিকা রয়েছে। আর এ ‘টাইপকাস্টিং’-এর বিরুদ্ধেই তার আপত্তি বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

তাপসী বলেন, ‘সবাই নিজের সুবিধাজনক জায়গায় ফিরে যাচ্ছেন। পরীক্ষিত পদ্ধতিই অনুসরণ করছেন।’ এমন পরিস্থিতিতে কোনো সিনেমার প্রস্তাব তার কাছে এলে গল্প বা চরিত্র পছন্দ না হলে শুধু ‘না’ বলেই থেমে থাকছেন না তিনি। নির্মাতাদের সরাসরি জানিয়ে দিচ্ছেন— দর্শক যদি আগেই সিনেমার পরিণতি আঁচ করে ফেলতে পারে, তাহলে সেই সিনেমায় তাকে নেওয়াও হয়তো সিনেমার জন্য ভালো হবে না। এমনকি কয়েকটি সিনেমায় নিজেকেই তিনি ইচ্ছাকৃতভাবে ‘ডি-সেল’ করেছেন। অর্থাৎ নির্মাতাদের নিরুৎসাহিত করেছেন তাকে নেওয়া থেকে।

তবে এ পরিস্থিতির নেপথ্যে রয়েছে তার অভিনয়জীবনের শুরুর দিনগুলোও। তাপসী বলেন, বলিউডে পা রাখার সময় তথাকথিত ‘নায়িকাকেন্দ্রিক’ চেনা চরিত্রের সুযোগ তার সামনে খুব একটা ছিল না। ফলে অন্য ধরনের, তুলনায় কঠিন চরিত্রই বেছে নিতে হয়েছিল তাকে। পরে সেই সিনেমাগুলোই জনপ্রিয় হওয়ায় তার সেই পরিচয় আরও পাকাপোক্ত হয়েছে।

অভিনেত্রী বলেন, ‘এটা অনেকটা তুষারগোলকের মতো। ক্যারিয়ারের শুরুতে নিয়মমাফিক, চেনা ছকের চরিত্রের কোনো বিকল্প আমার সামনে ছিল না। তাই অন্য ধরনের চরিত্র বেছে নিয়েছিলাম। ভাগ্যক্রমে সেই সিনেমা ও চরিত্রগুলোই পরে মূলধারায় জায়গা করে নেয়।’

একই ধরনের চরিত্রে পরপর অভিনয় করা মানসিকভাবেও স্বাস্থ্যকর নয় বলে জানিয়েছেন তাপসী পান্নু। তিনি বলেন, এবার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী ও বৈচিত্র্য চান। ২০২৪-এর ‘খেল খেল মে’ সিনেমার মতো হালকা মেজাজের এবং মজার সিনেমাতেও অভিনয় করতেও তার আপত্তি নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit