বিনোদন ডেস্ক : রাখিবন্ধন উপলক্ষে একটি গয়নার বিজ্ঞাপনে পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বিষয়টি নিয়ে কৃতিকে এক হাত নিয়েছেন বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) কৃতি স্যাননের পাশে দাঁড়িয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী।
কৃতি স্যাননের একটি জবাব ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে রাহুল গান্ধী লিখেছেন, একজন নারী কী পরবেন, কী করবেন এবং কোথায় যাবেন—সেটি তার নিজের পছন্দ। একই সঙ্গে নারীরা নিজেদের স্বাধীনতা প্রয়োগ করলে তাদের নিয়ে বিদ্রূপ-ট্রলিং বন্ধ করার আহ্বান জানান তিনি। পোস্টের সঙ্গে #স্ম্যাশদ্যাপ্যাট্রিয়ার্কি হ্যাশট্যাগও ব্যবহার করেন তিনি। সম্প্রতি পুনেতে তার নেতৃত্বে অনুষ্ঠিত শুধু নারীদের অংশগ্রহণে আয়োজিত ‘ছাত্রো কি গুঞ্জ’ সমাবেশেও একই হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন রাহুল।
মূলত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে কৃতি ও কঙ্গনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিতর্কের সূত্রপাত হয়। সোমবার সন্ধ্যায় কৃতির পোশাকের সমালোচনা করে একটি পোস্ট দেন কঙ্গনা। সেখানে তিনি প্রশ্ন তোলেন, আজ যখন আমাদের সামনে এত ধরনের পোশাকের সুযোগ রয়েছে, তখন কেন বিকিনি বা অন্তর্বাসের মতো পোশাক পরে ভাইয়ের হাতে রাখি বাঁধবেন?
কঙ্গনা বিজ্ঞাপনটির প্রচারণাকে ‘ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর’ বলেও মন্তব্য করেন। মঙ্গলবার কৃতি অবশ্য কঙ্গনার নাম উল্লেখ না করে সমালোচনার জবাব দেন। তিনি বলেন, উৎসবের মূল সৌন্দর্য আপনি কী পোশাক পরেছেন, তার মধ্যে নয়; বরং ঐতিহ্যের প্রতি আপনার অনুভূতি ও এর তাৎপর্যের মধ্যে।
এই বক্তব্যটিই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রাহুল গান্ধী। কৃতি আরও লেখেন, আমরা কবে নারীদের কী পরা উচিত, তা বলা বন্ধ করব? বছরের পর বছর ঐতিহ্যবাহী ফ্যাশনের পরিবর্তন ঘটেছে। তবু একজন নারীর সংস্কৃতির প্রতি সম্মানকে শুধু তার পোশাক দিয়ে মাপা হয়। সংস্কৃতি ও ঐতিহ্য তার হৃদয়ে, পোশাকের গলার কাটে নয়।
রাখিবন্ধন প্রসঙ্গে কৃতি বলেন, এটি সুরক্ষা ও পারস্পরিক বন্ধনের উৎসব। তার বোনের সঙ্গে তারা একে অপরকে রাখি পরান এবং একে অপরকে ভাইয়ের মতোই রক্ষা করতে পারেন বলে মনে করেন। তারা পরস্পরের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন। এমনকি তাদের পোষা কুকুরগুলোর জন্যও একই প্রার্থনা করেন বলে জানান তিনি।
বিজ্ঞাপনটিতে কৃতি একটি কুকুরের ঘেউ ঘেউ করার পর তার গলায় রাখি বাঁধেন—এমন একটি দৃশ্য নিয়েও সমালোচনা হয়েছে। এদিকে কঙ্গনা সোমবার পৃথক কয়েকটি পোস্টে অভিনেত্রী তাপসী পান্নু, রাখি সাওয়ান্ত, সোনু সুদ ও আশুতোষ রানার নাম উল্লেখ করেন। অতীতে তাকে নিয়ে করা তাদের বিভিন্ন মন্তব্যের জবাব দিতে গিয়ে এসব পোস্ট করেন তিনি।
তথ্যসূত্র: এনডিটিভি
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:৪৫