নেত্রকোণা প্রতিনিধি : বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিপণীবিতান ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার বিষয়ে গত কয়েকদিন ধরে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সতর্ক ও অবহিত করা হয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার (১৯আগস্ট) রাত থেকে নেত্রকোণা জেলা প্রশাসনের পক্ষ হতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানা গেছে। অভিযান চলাকালীন সরকারি নির্দেশনা অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ধারায় ৫জনকে ২০০টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত মেনে চলতে সংশ্লিষ্ট সকলকে পুনরায় অবহিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাহাবুদ্দিন। জেলা প্রশাসন জানায়- বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের স্বার্থে নেত্রকোণা জেলার সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সরকারি নির্দেশনা মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা হলো। সকলের সচেতনতা ও সহযোগিতাই এ উদ্যোগের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৬,/রাত ১১:০০