শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন – নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার ঘাগড়া মধ্যপাড়া গ্রামের মোঃ ফরেজ আলী (৭০) তাকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একই গ্রামের মোঃ ইয়াছিন মিয়া (২৮) তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৭আগস্ট) সন্ধ্যা ৭টার সময় নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় – আজ সোমবার বিকাল আনুমানিক ৫টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কর্তৃক নেত্রকোণা জেলার আটপাড়া থানাধীন ঘাগড়া গ্রামে আসামির নিজ দখলীয় বসতঘরের ভিতর থেকে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে আসামিদের আটক করা হয়।
ঘটনাস্থলে আটপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি আসামিদেরকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান করেন। সহকারী পরিচালক আরও জানান- কারাদণ্ড প্রাপ্ত আসামিদেরকে নেত্রকোণা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/রাত ১২:১২